Prompt: AI-কে সঠিকভাবে প্রশ্ন করার শিল্প (AI 360° - পর্ব ০৮)
একজন শিক্ষককে দুইজন ছাত্র একই বিষয়ে প্রশ্ন করল। প্রথম ছাত্র বলল—"স্যার, ব্যবসা সম্পর্কে কিছু বলুন।" অন্যদিকে দ্বিতীয় ছাত্র বলল—"স্যার, আমি একজন নতুন উদ্যোক্তা। বাংলাদেশে একটি ছোট অটোমোবাইল সার্ভিস ব্যবসা শুরু করতে চাই। প্রথম এক বছরের জন্য একটি বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা বুঝিয়ে বলবেন?"
দুইজনের প্রশ্নই ব্যবসা নিয়ে। কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তর যে অনেক বেশি নির্দিষ্ট, কার্যকর ও উপকারী হবে—এটি সহজেই বোঝা যায়। কেন? কারণ প্রশ্ন একটি সুনির্দিষ্ট বিষয় জানতে চেয়েছে। AI-এর ক্ষেত্রেও ঠিক একই বিষয় ঘটে। আপনি AI-কে যত পরিষ্কারভাবে নির্দেশ দেবেন, AI তত ভালো উত্তর দেওয়ার চেষ্টা করবে। AI-এর ভাষায় এই নির্দেশনা বা প্রশ্নকেই বলা হয়—Prompt।
Prompt কী?
সহজ ভাষায় বলতে গেলে—"AI-কে কোনো কাজ করার জন্য যে নির্দেশ, প্রশ্ন বা অনুরোধ দেওয়া হয়, সেটিই Prompt"। আপনি যখন ChatGPT, Gemini বা Claude-এর সঙ্গে কথা বলেন, তখন আপনার প্রতিটি প্রশ্নই আসলে একটি Prompt।
Prompt কেন এত গুরুত্বপূর্ণ?
অনেকেই মনে করেন AI-এর গুণমানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ আংশিকভাবে এটি সত্য। কিন্তু বাস্তবে AI থেকে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে Prompt-এর ভূমিকা অত্যন্ত বড়। একটি সাধারণ Prompt থেকে সাধারণ উত্তর পাওয়া যায়। একটি ভালো Prompt থেকে অসাধারণ উত্তর পাওয়া যায়। এ কারণেই অনেক বিশেষজ্ঞ বলেন—"AI-এর যুগে প্রশ্ন করার দক্ষতাও একটি গুরুত্বপূর্ণ দক্ষতা।"
AI কি মানুষের মনের কথা বুঝতে পারে?
না, AI খুব শক্তিশালী হলেও এটি আপনার মনের কথা পড়তে পারে না। আপনি কী চান, কী উদ্দেশ্যে উত্তর চান, কতটুকু বিস্তারিত চান—এসব AI নিজে থেকে পুরোপুরি বুঝতে পারে না। তাই যত স্পষ্ট নির্দেশ দেওয়া হবে, উত্তরও তত ভালো হওয়ার সম্ভাবনা বাড়বে।
একটি দুর্বল Prompt এর উদাহরণ দেয়া যাক। ধরুন আপনি লিখলেন—"AI সম্পর্কে লিখো"। AI অবশ্যই কিছু লিখবে। কিন্তু সে জানে না—কার জন্য লিখতে হবে, কত বড় লিখতে হবে, কী ধরনের ভাষা ব্যবহার করতে হবে, কোন বিষয়কে বেশি গুরুত্ব দিতে হবে ইত্যাদি। ফলে উত্তর সাধারণ হওয়ার সম্ভাবনা বেশি।
অন্যদিকে একটি শক্তিশালী Prompt এর উদাহরণ দেয়া যাক। AI'কে বলা হল, "বাংলাদেশের সাধারণ পাঠকদের জন্য পত্রিকার ভাষায় ১,০০০ শব্দের একটি প্রবন্ধ লিখো। বিষয়: AI ভবিষ্যতের চাকরির বাজারকে কীভাবে প্রভাবিত করবে।" এখানে AI অনেক বেশি তথ্য পেল। ফলে উত্তরও সাধারণত বেশি প্রাসঙ্গিক হবে।
ভালো Prompt-এর চারটি উপাদান
একটি কার্যকর Prompt সাধারণত চারটি প্রশ্নের উত্তর দেয়।
১. কী করতে হবে? এখানে AI'কে পরিস্কার করে বলে দিতে হবে তার কাজ কি? লিখতে হবে? বিশ্লেষণ করতে হবে? অনুবাদ করতে হবে?
২. কার জন্য করতে হবে? অর্থাৎ এই ফলাফল বা উত্তর কার জন্য তৈরী করা হচ্ছে? শিক্ষার্থী? ব্যবসায়ী? গবেষক? সাধারণ পাঠক? সাংবাদিক?
৩. কোন ভাষা ও শৈলী ব্যবহার করতে হবে? এখানে তাকে বলে দিতে হবে ফলাফল বা উত্তর এর ভাষাশৈলী কেমন হবে? পত্রিকার ভাষা? একাডেমিক ভাষা? সহজ ভাষা? কর্পোরেট ভাষা?
৪. কতটুকু বিস্তারিত হতে হবে? AI'কে সুনির্দিষ্ট করে বলে দেয়া যে আমি কেমন বিন্যাসের ফলাফল চাচ্ছি। এক প্যারাগ্রাফে? ১০০ বা ৫০০ শব্দে? ফেসবুক পোস্ট এর জন্য? নাকি পত্রিকায় প্রকাশিত হবার মতো ফিচার আকারে?
Prompt Engineering কী?
বর্তমানে AI জগতে একটি জনপ্রিয় শব্দ হলো—Prompt Engineering। এর অর্থ হলো AI থেকে সর্বোত্তম ফল পাওয়ার জন্য পরিকল্পিত ও কার্যকর Prompt তৈরি করার কৌশল। সহজভাবে বললে—"Prompt Engineering হলো AI-কে সঠিকভাবে নির্দেশ দেওয়ার দক্ষতা"। একই AI থেকে দুই ব্যক্তি সম্পূর্ণ ভিন্ন মানের ফল পেতে পারেন। পার্থক্যটি অনেক সময় AI-এর কারণে নয়, Prompt-এর কারণে হয়। যে ব্যক্তি AI-কে পরিষ্কারভাবে কাজ বুঝিয়ে বলতে পারে, সে সাধারণত ভালো ফল পায়।
AI ব্যবহারের সবচেয়ে বড় ভুল
নতুন ব্যবহারকারীরা প্রায়ই একটি ভুল করেন। তারা খুব ছোট ও অস্পষ্ট নির্দেশ দেন। তারপর AI-এর উত্তর দেখে হতাশ হন। মনে রাখতে হবে—AI কোনো জাদুকর নয়। আপনি যত ভালোভাবে কাজ বুঝিয়ে বলবেন, AI তত ভালোভাবে সাহায্য করতে পারবে।
Prompt কি শুধু প্রশ্ন?
না, Prompt শুধু প্রশ্ন নয়। Prompt হতে পারে—নির্দেশনা, অনুরোধ, তথ্য, উদাহরণ, ভূমিকা (Role), কাজের বিবরণ ইত্যাদি। অনেক সময় প্রশ্ন না করেও খুব কার্যকর Prompt তৈরি করা যায়। AI যুগে নতুন একটি দক্ষতা হলো Prompt Engineering। একসময় গুরুত্বপূর্ণ দক্ষতা ছিল—টাইপ করা, ইন্টারনেট ব্যবহার করা, সার্চ করা, অফিস প্যাকেজ ব্যবহার করতে পারা ইত্যাদি। আজকের পৃথিবীতে ধীরে ধীরে আরেকটি দক্ষতা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে—AI-কে কার্যকরভাবে নির্দেশ দিতে পারা। এই দক্ষতা সাংবাদিক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং কর্পোরেট পেশাজীবী—সবার জন্যই মূল্যবান।
বাংলাদেশের প্রেক্ষাপটে Prompt-এর গুরুত্ব
বাংলাদেশে AI ব্যবহার দ্রুত বাড়ছে। কিন্তু অনেক ব্যবহারকারী এখনো AI-কে "সঠিকভাবে কাজ দেওয়ার" কৌশল জানেন না। ফলে তারা AI-এর প্রকৃত ক্ষমতার খুব সামান্য অংশ ব্যবহার করতে পারেন। যারা ভালো Prompt লিখতে শিখবেন, তারা একই AI ব্যবহার করেও অন্যদের তুলনায় অনেক ভালো ফল পাবেন।

No comments