AI-কে প্রশ্ন করার শিল্প: Prompt Engineering-এর সহজ পাঠ (AI 360° - পর্ব ০৯)
AI-এর শক্তি শুধু AI-এর মধ্যে নয়, ব্যবহারকারীর মধ্যেও। গত পর্বে আমরা জেনেছি, AI-কে দেওয়া নির্দেশনা বা প্রশ্নকে Prompt বলা হয়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো আলোচনা করা বাকি আছে। তা হল, কেন একই AI ব্যবহার করেও একজন ব্যক্তি অসাধারণ ফল পান, আর অন্যজন সাধারণ ফল পান? উত্তরটি হলো—"AI-এর মান গুরুত্বপূর্ণ, কিন্তু Prompt-এর মানও সমান গুরুত্বপূর্ণ"।
একজন দক্ষ ব্যবহারকারী জানেন কীভাবে AI-কে কাজ বুঝিয়ে বলতে হয়। তিনি জানেন কোন তথ্য দিতে হবে, কোন তথ্য দিতে হবে না, কতটুকু বিস্তারিত বলতে হবে এবং কী ধরনের ফলাফল আশা করতে হবে। AI-কে কার্যকরভাবে নির্দেশ দেওয়ার এই কৌশলকেই বলা হয় Prompt Engineering।
Prompt Engineering কী?
সহজ ভাষায় বলতে গেলে—"AI থেকে সর্বোচ্চ মানের ফলাফল পাওয়ার জন্য পরিকল্পিত ও কৌশলগতভাবে Prompt তৈরি করার প্রক্রিয়াই Prompt Engineering"। এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়, এটি মূলত চিন্তা করার এবং প্রশ্ন করার একটি পদ্ধতি।
এখন আমরা শিখবো ১০টি কৌশল যার সাহায্যে আমরা কার্যকর Prompt লেখা শিখে যাবো।
কৌশল–১: স্পষ্টভাবে বলুন
AI কখনও আপনার মনের কথা বুঝতে পারে না। তাই অস্পষ্ট নির্দেশনা না দিয়ে পরিষ্কারভাবে বলুন আপনি কী চান। একটা খারাপ Prompt এর উদাহরণ - "ব্যবসা সম্পর্কে লিখো।" অন্যদিকে ভালো Prompt হবে - "বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যবসা পরিকল্পনা তৈরির গুরুত্ব নিয়ে ৮০০ শব্দের একটি প্রবন্ধ লিখো।"
কৌশল–২: প্রয়োজনীয় প্রেক্ষাপট (Context) দিন
AI যত বেশি প্রাসঙ্গিক তথ্য পাবে, তত ভালো ফল দিতে পারবে। উদাহরণ দিয়ে বুঝতে চেষ্টা করি। আমি Prompt দিলাম - "আমি একটি অটোমোবাইল সার্ভিস কোম্পানিতে কাজ করি। গ্রাহক সেবা উন্নত করার জন্য পাঁচটি বাস্তবসম্মত পরামর্শ দাও।" এখানে AI কাজের পরিবেশ সম্পর্কে ধারণা পাচ্ছে।
কৌশল–৩: আপনার পাঠক কারা তা বলুন
একই বিষয়ের ব্যাখ্যা স্কুলশিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কর্পোরেট নির্বাহীর জন্য এক রকম হবে না। তাই পাঠক নির্ধারণ করে দিন। যেমন Prompt হতে পারে - "প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের উপযোগী ভাষায় AI ব্যাখ্যা করো।"
কৌশল–৪: কাঙ্ক্ষিত ভাষা ও শৈলী নির্ধারণ করুন
AI বিভিন্ন ধরনের ভাষায় লিখতে পারে। যেমনঃ পত্রিকার ভাষা, কর্পোরেট ভাষা, একাডেমিক ভাষা, কথ্য ভাষা ইত্যাদি। যে ধরনের লেখা চান, সেটি স্পষ্টভাবে উল্লেখ করুন।
কৌশল–৫: ভূমিকা (Role) নির্ধারণ করুন
এটি সবচেয়ে শক্তিশালী কৌশলগুলোর একটি। AI'কে তার রোল তথা ভূমিকা কি হবে তা Prompt এর মধ্যে জানিয়ে দেয়া। যেমন- "তুমি একজন কর্পোরেট বিজনেস কনসালট্যান্ট। একটি নতুন প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়িক ঝুঁকি বিশ্লেষণ করো।" অথবা "তুমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। Machine Learning সহজ ভাষায় শেখাও।" এতে AI একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি গ্রহণ করে।
কৌশল–৬: কাঙ্ক্ষিত আউটপুটের ফরম্যাট নির্ধারণ করুন
শুধু উত্তর নয়, উত্তর কীভাবে উপস্থাপন করতে হবে সেটিও বলে দিন AI'কে। আউটপুট টেবিল আকারে, বুলেট পয়েন্টে, ধাপে ধাপে, প্রবন্ধ আকারে, প্রতিবেদন আকারে... কোন স্টাইলে চান তা জানিয়ে দিন। এমনকি তা. dox .pdf .jpeg ইত্যাদি ফরম্যাটে downloadable file ও চাইতে পারি।
কৌশল–৭: উদাহরণ দিন
AI উদাহরণ থেকে খুব ভালো শেখে। আপনি যদি কাঙ্ক্ষিত লেখার একটি নমুনা দেন, AI সেই ধরনের উত্তর তৈরির চেষ্টা করবে। এটিকে অনেক সময় "Few-Shot Prompting" বলা হয়।
কৌশল–৮: জটিল কাজকে ছোট ধাপে ভাগ করুন
একসঙ্গে খুব বড় কাজ না দিয়ে ধাপে ধাপে কাজ করানো অনেক সময় বেশি কার্যকর। যেমন AI'কে প্রথমে বলা হল—"একটি ব্যবসা পরিকল্পনার কাঠামো তৈরি করো।" তারপর বললাম—"এখন মার্কেটিং অংশটি বিস্তারিত লেখো।" এতে সে সুনির্দিষ্ট বিষয়ে বিশেষ মনযোগ দিবে।
কৌশল–৯: AI-কে সমালোচকের ভূমিকায় রাখুন
অনেক সময় AI-কে শুধু লেখক নয়, সমালোচক হিসেবেও ব্যবহার করা যায়। যেমন তাকে বলা হলঃ "এই ব্যবসা পরিকল্পনার দুর্বল দিকগুলো শনাক্ত করো।" অথবা "এই যুক্তির বিপরীত মতামত উপস্থাপন করো।" এতে বিশ্লেষণের মান বাড়ে।
কৌশল–১০: প্রথম উত্তরে সন্তুষ্ট হবেন না
দক্ষ AI ব্যবহারকারীরা সাধারণত একটি উত্তরেই থেমে যান না। তারা বলেন—আরও বিস্তারিত করো, সহজ ভাষায় লেখো, উদাহরণ যোগ করো, টেবিল আকারে দেখাও, সমালোচনামূলক বিশ্লেষণ করো ইত্যাদি ইত্যাদি। এভাবেই একটি সাধারণ উত্তর ধীরে ধীরে অসাধারণ উত্তরে পরিণত হয়।
অনেক বিশেষজ্ঞ মনে করেন, AI যুগে Prompt Engineering একটি গুরুত্বপূর্ণ কর্মদক্ষতায় পরিণত হবে। যেমন একসময় কম্পিউটার চালানো বা ইন্টারনেট ব্যবহার করা একটি বিশেষ দক্ষতা ছিল, তেমনি এখন AI-কে কার্যকরভাবে নির্দেশ দিতে পারাও একটি মূল্যবান দক্ষতা হয়ে উঠছে।
অনেকে মনে করেন AI ব্যবহার করা মানেই শুধু প্রশ্ন করা। বাস্তবে AI ব্যবহার করা অনেকটা একজন দক্ষ সহকারীর সঙ্গে কাজ করার মতো। আপনি যত পরিষ্কারভাবে কাজ বুঝিয়ে বলবেন, ফলাফল তত ভালো হবে।

No comments